নতুন নিয়মে নাখোশ, চাকরি ছাড়লেন অ্যাপলের মেশিন লার্নিং পরিচালক
করোনা ভাইরাস মহামারির প্রকোপে ওয়ার্ক ফ্রম হোম তথা বাড়িতে বসের কাজের সুবিধার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছিলেন সকলে। প্রথমদিকে একটু অসুবিধা হলেও পরে এই ওয়ার্ক ফ্রম হোমই অভ্যাস হয়ে গিয়েছিলো। সারা বিশ্বেই চলছিলো ওয়ার্ক ফ্রম হোমের সিস্টেম। কিন্তু এখন করোনার দাপট কমেছে। আগের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কর্মীদের অফিসে আসতেও বলা হচ্ছে। আর তার জেরেই চাকরি ছেড়ে দিচ্ছেন অনেকে। এবার এই কাণ্ড ঘটেছে অ্যাপল কার্যালয়ে।
কুপার্টিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের এক ইঞ্জিনিয়ারকে অফিসে আসতে বলায় ইস্তফা দিয়েছেন তিনি। জানা গেছে, ওই ব্যক্তি অ্যাপলের মেশিন লার্নিংয়ের পরিচালক ইয়ান গুডফেলো।
করোনাকালে প্রায় বছর দুয়েক বিশ্বের বহু নামিদামি সংস্থাই বন্ধ ছিলো, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম করছিলেন কর্মীরা। তবে এবার ধীরে ধীরে অফিসগুলো খুলতে শুরু করেছে। আর সেই জন্যই অ্যাপলের ওই ইঞ্জিনিয়ারকে অফিসে এসে কাজ করতে বলা হয়েছে। তবে এই প্রস্তাবে মোটেই রাজি হননি তিনি। সরাসরি ইস্তফা দিয়েছেন।
খবরে বলা হয়, ইয়ান নিজের দলকে কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। নিজের কর্মীদের ইয়ান বলেছেন যে তিনি বিশ্বাস করেন আরও বেশি নমনীয়তা (এক্ষেত্রে কাজের ফ্লেক্সিবিলিটি) তাঁর টিমের জন্য আদর্শ পলিসি হবে। ইয়ান অ্যাপলের অন্যতম দক্ষ মেশিন লার্নিং পরিচালক হিসেবে সুপরিচিত ছিলেন। বলা হচ্ছে ইয়ানের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে অ্যাপেলের হাইব্রিড ওয়ার্ক পলিসি।
অ্যাপল কর্তৃপক্ষ চাইছেন যে এবার থেকে কর্মীরা অফিসে এসেই তাদের কাজ করুক। ১১ এপ্রিলের মধ্যে সপ্তাহে একদিন করে অফিসে আসতে বলা হয়েছিলো কর্মীদের। মেয়াদ বেড়েছিলো ২ মে থেকে। তখন সপ্তাহে অন্তত দু’দিন অফিসে আসার কথা বলা হয়েছিলো। এটাই বেড়ে ২৩ মে-র মধ্যে সপ্তাহে তিনদিন হবে। অর্থাৎ ২৩ মে থেকে অ্যাপলের কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসেই কাজ করতে হবে। তবে এই নতুন নিয়মে অনেকেই খুশি নন। তাদের দলেই ছিলেন ইয়ান গুডফেলো।
ডিবিটেক/বিএমটি